হে করুণাময়
দেখা হবে কি মহান স্বত্বার সাথে?
তাঁর নাম জপে হায় জাগি না তো রাতে!
পাপে ভরা দিন শেষে বালিশটা খুঁজি,
নরম এ বিছানাতে চোখ দুটো বুজি।
তখনই খেয়াল আসে, মনে পড়ে তাঁকে,
দিনে রাতে ছাদ হয়ে সাথে যিনি থাকে।
আরামে কাটছে দিন, বিলাসিতা কতো!
নাও নি তো কিছু কেড়ে পাপ করি যতো!
তোমার সাথে যে করি কতো বেয়াদবি,
মাফ করে দাও তো তুমি তার সবই!
পেট ভরে খাই আমি, ঘুমাই আরামে,
লুটাই না তবু তব পবিত্র নামে!
বিপদ আসলে পরে তব নাম নেই,
লজ্জা পাই যে বিবেকের তাড়াতেই।
তুমি রেগে তবু হায় ফিরাও নি কভু,
হীন মানবের তরে এতো দয়া প্রভু!
আমাকে কর গো তুমি কৃতজ্ঞতর,
অভিভাবক হয়ে মোরে পথ পার কর।
তুমি মুখ ফিরাইলে ঠাঁই নাই হায়,
পাপীকে শুদ্ধ কর তব করুণায়।।
#মালিহা_নামলাহ -কবিতা
No comments